ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকদের পিটুনিতে হাসপাতালে ৩ আর্জেন্টিনা সমর্থক


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক ব্রাজিল সমর্থকের চাচাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে তিন আর্জেন্টিনা সমর্থককে পেটানোর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইলে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- সেলিম মিয়া (৪৫), ছয়দাবুর রহমান (২৫) ও জাকির মিয়া (৩৫)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে দামচাইল বাজারে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে মারধর করেন আর্জেন্টিনা সমর্থকরা। নোয়াব মিয়ার ভাতিজা রেজাউল ব্রাজিলের সমর্থক। খেলা নিয়ে রেজাউলের সঙ্গে আর্জেন্টিনার সমর্থক জীবনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে নোয়াব মিয়াকে একা পেয়ে জীবন ও তার সঙ্গীরা মারধর করেন। এর জেরে রাত সাড়ে ৮টার দিকে আর্জেন্টিনা সমর্থক জীবনের সহযোগীদের ধরে মারধর করেন ব্রাজিল সমর্থকরা।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post